বাড়ছে না মোবাইল সেবার সম্পূরক শুল্ক

২৮ জুন, ২০২০ ১২:০২  
প্রত্যাহার করে নেয়া হচ্ছে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবার ওপর আরোপিত বাড়তি ৫ শতাংশ সম্পূরক শুল্ক। সোমবার জাতীয় সংসদে ২০২০ সালের অর্থবিল পাস করার সময় এই বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহার করে নেবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এর বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হলেও রোববার এনবিআরের দায়িত্বশীল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে আসছে অর্থবছরে মোবাইল ফোন সেবায় আগের মতোই ১০ শতাংশ সম্পূরক থাকছে। মোবাইল অপারেটর ও সাধারণ মানুষের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে লিখিত ভাবে এই শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে অর্থমন্ত্রী এবং এনবিআর-কে চিঠি দিয়েছিলেন। প্রসঙ্গত, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই সব ধরনের সম্পূরক শুল্ক কার্যকর হয়ে যায়। ফলে মোবাইল ফোনে কথা বলা, খুদে বার্তাসহ অন্যান্য সেবায় ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। সব মিলিয়ে এখন ১০০ টাকা রিচার্জ করলে সরকার পায় ২৫ টাকা। সম্পূরক শুল্কহার আবার আগের জায়গায় ফেরত গেলে সরকার পাবে ২২ টাকা। আর গ্রাহক ৭৮ টাকা ব্যবহার করতে পারবেন। বাড়তি শুল্ক আরোপ করায় গ্রাহকের ক্রয়ক্ষমতা কমেছে ৩ টাকা।